
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বইকুড়ি সরদারপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন ধরনের মোট ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার দুপুরে র্যাব-৫ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১৬টি ছুরি, ৪টি চাপাতি, ৪টি হাসুয়া এবং ৩২টি কুঠার সদৃশ টাঙ্গি। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে এসব আলামত বিধি মোতাবেক জব্দ করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে উদ্ধারকৃত অস্ত্রগুলো বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি বা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব অস্ত্র মজুত করে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৫ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।