
জাকিউল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টার জামালপুর
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে সাব্বির হোসেন (২১) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৫ এপ্রিল বুধবার সকালে উপজেলার কাঠার বিল ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাব্বির কোনো অনুমোদন ছাড়াই ১২০ লিটার ডিজেল মজুতের উদ্দেশ্যে পরিবহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন এবং ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হক। আদালত অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও সংশ্লিষ্ট অনিয়মের দায়ে সাব্বিরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হক জানান, জ্বালানি তেল মজুতের মতো অনিয়ম রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।