
তুরাগে ছিনতাই প্রতিরোধে শ্রমিক দলের কমিটি, বস্তি ফিরছে পথচারীদের মধ্যে
তুরাগ সংবাদদাতাঃ
রাজধানীর তুরাগ এলাকায় ছিনতাই, ডাকাতি ও চুরি প্রতিরোধে উদ্যোগ নিয়েছে তুরাগ থানা শ্রমিক দল। পবিত্র ঈদকে সামনে রেখে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে একটি ছিনতাই প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তুরাগ থানার অন্তর্ভুক্ত ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজ থেকে ১২ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের পশ্চিম প্রান্তের লেকপাড় পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে ছিনতাইপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। নিরিবিলি ও ফাঁকা হওয়ায় এখানে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটত। ছিনতাইকারীরা ঘটনার পর দ্রুত পাশের বস্তি এলাকা কিংবা খালপাড় দিয়ে পালিয়ে যেত বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, অনেক সময় আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি না পাওয়ায় ভুক্তভোগীরা স্থানীয় শ্রমিক দলের কার্যালয়ে এসে বিচার প্রার্থনা করতেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তুরাগ থানা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক উত্তরার বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে ছিনতাই প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ নেন।
কমিটির সদস্যরা ১২ নম্বর সেক্টরের খালপাড় থেকে পাসপোর্ট অফিসের পশ্চিম পাশের লেকপাড় হয়ে ২ নম্বর ব্রিজ পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রতি ১০০ ফুট পরপর ৩ থেকে ৪ জন সদস্য দায়িত্ব পালন করছেন এবং প্রতিদিন রাত ১০টা থেকে ভোর পর্যন্ত প্রায় ১০ থেকে ১৫ জন সদস্য টহলে থাকেন।
এলাকাবাসী জানান, এই উদ্যোগ শুরুর পর থেকে ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজ থেকে খালপাড় এলাকা পর্যন্ত ছিনতাই, ডাকাতি ও চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
তুরাগের সুশীল সমাজ, স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। ঝুঁকিপূর্ণ অন্যান্য এলাকাতেও এ ধরনের প্রতিরোধমূলক কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
এ বিষয়ে ছিনতাই প্রতিরোধ কমিটির সভাপতি ও তুরাগ থানা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, “দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, ছিনতাই, ডাকাতি ও চুরিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে তার। এলাকার মানুষের সমর্থন ও দোয়া কামনা করে তিনি জানান, চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ দমনে তাদের প্রতিরোধমূলক কার্যক্রম চলমান থাকবে।