
উছমান গনী মাহিম
“আমার বিরুদ্ধে কথা বলার সাহস কারও নেই” — ভাইরাল অডিওতে তোলপাড় মৌলভীবাজার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে জনমনে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহত মীম আক্তার (১৫)-এর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে বখাটে সানোয়ার মিয়ার মানসিক নির্যাতন, হুমকি ও ব্ল্যাকমেইলের শিকার ছিল সে। শেষ পর্যন্ত অসহনীয় মানসিক চাপ সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যার পথ বেছে নেয় কিশোরীটি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত সানোয়ার মিয়ার একটি অডিও ক্লিপ ভাইরাল হলে পুরো মৌলভীবাজারে শুরু হয় তোলপাড়। ওই অডিওতে তাকে দম্ভভরে বলতে শোনা যায়, “আমার বিরুদ্ধে কথা বলার সাহস কারও নেই।” এছাড়াও নিজের পারিবারিক প্রভাব ও ক্ষমতার দাপট নিয়েও অহংকার করতে শোনা যায় তাকে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, একটি কিশোরীর মৃত্যুর মতো হৃদয়বিদারক ঘটনার পরও অভিযুক্ত প্রকাশ্যে প্রভাব খাটানোর ভাষায় কথা বলছে, অথচ প্রশাসনের দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ এখনো চোখে পড়ছে না।
নিহত মীমের পরিবার কান্নাজড়িত কণ্ঠে বলেছে, “আমাদের মেয়েকে মানসিকভাবে শেষ করে দেওয়া হয়েছে। আমরা দোষীর সর্বোচ্চ শাস্তি চাই।”
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, একটি অডিও ভাইরাল হওয়ার পরও কেন অভিযুক্ত এখনো আইনের আওতার বাইরে? তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের মাঝে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে বলেও দাবি করা হয়েছে।
তবে সময় গড়ালেও মূল অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় কমলগঞ্জজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত বিচারিক ব্যবস্থা নিশ্চিত না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।