
দেবীগঞ্জ প্রতিনিধি-নয়ন রহমান
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২২ কোটি ৫৮ লাখ ৫১ হাজার টাকার প্রস্তাবিত সাধারণ বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, আধুনিক আলোকসজ্জা এবং নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) বিকেল ৩টায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বাজেট সভায় পৌর প্রশাসক আব্দুল্লাহ বিন জিয়া আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) সাখওয়াদ আলী, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া, দেবীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সোহেল, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।
বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক জানান, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ২২ কোটি ৫৮ লাখ ৫১ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৯৬ হাজার ৯৮৫ টাকা। পাশাপাশি উন্নয়নসহ বিভিন্ন খাতে আয়-ব্যয়ের পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার, আধুনিক আলোকসজ্জার সম্প্রসারণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই এ বাজেটের মূল লক্ষ্য।
পৌর প্রশাসক আব্দুল্লাহ বিন জিয়া বলেন, উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে পৌরবাসীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি উন্নত ও সেবাবান্ধব পৌরসভা গড়ে তোলা সম্ভব।
বাজেট ঘোষণা শেষে উপস্থিত অতিথিরা পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ দেন।